বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার (২৫ এপ্রিল) নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিরাই উপজেলায় ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, অর্থাৎ প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। কাজ শেষ হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সিলেট নগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, সিলেট নগরের কয়েকটি এলাকায় শনিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চার ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে এ সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন আরও বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক এলাকাও এ সময়ের মধ্যে বিদ্যুৎবিহীন থাকবে।
গ্রাহকদের প্রতি অনুরোধ
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করা হয়েছে।



