বাসচালককে মারধর: নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
বাসচালককে মারধর: নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাসচালককে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

ঘটনার সূত্রপাত

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির ড্রাইভার যাত্রী নামিয়ে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনও কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করেন। পরে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

যাত্রীদের ক্ষোভ

গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাবো। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাবো। কাউন্টারে এসে শুনি, বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাবো বুঝতে পারছি না।’

মালিক সমিতির বক্তব্য

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদের মারধর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কী হয়েছে জেনে পরে বিস্তারিত জানাতে পারবো।’

পুলিশের অবস্থান

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ