ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দিনভর আন্দোলন ও সংঘর্ষের মুখে কর্মস্থলে যোগদান করেছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সূত্রপাত
রোববার (১৭ মে) সকালে তার যোগদানে শিবিরের বাধা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশে ডুয়েট ক্যাম্পাসে যান। তিনি ক্যাম্পাসে পৌঁছানোর আগেই ডুয়েটের বিদায়ী ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার আবু তৈয়ব, ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী রফিকের উস্কানিতে ছাত্রশিবির ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক তাসনীমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নতুন ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।
উভয়পক্ষের সংঘর্ষ
অপরদিকে নতুন ভিসি ক্যাম্পাসের বাইরে একটি মাইক্রোবাসে যোগদানের জন্য অপেক্ষা করছিলেন। ভিসিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের আরেক অংশ ছাত্রদলের ব্যানারে মূল ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ক্যাম্পাসের ভেতরে থাকা শিবিরের নেতাকর্মীরা কতিপয় বহিরাগতদের সঙ্গে নিয়ে গেটের বাইরে থাকা পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে গেটের বাইরে থাকা কয়েকজন শিক্ষার্থী এবং ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়। পরে বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়ে। পরে মূল ফটকের ভেতরে গেটের সামনে শিবিরের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়ে নতুন ভিসির যোগদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ভিসির দায়িত্ব গ্রহণ
পরবর্তীতে দুপুর ২টার দিকে নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর অফিসের কিছু কাজও করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।



