মাগুরা-১ আসনে ৩০ বছর পর বিএনপির জয়, মনোয়ার হোসেন খানের বিপুল ব্যবধান
মাগুরা-১ আসনে ৩০ বছর পর বিএনপির জয়

মাগুরা-১ আসনে ৩০ বছর পর বিএনপির জয়, মনোয়ার হোসেন খানের বিপুল ব্যবধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এই বিজয়ের মাধ্যমে প্রায় ৩০ বছর পর মাগুরা-১ আসনে কোন বিএনপি প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ঐতিহাসিক পটভূমি ও নির্বাচনী ফলাফল

সংসদীয় আসন ৯১, মাগুরা-১ আসনটিতে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে মেজর জেনারেল (অব) এম এ মতিন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব) মজিদ উল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাগুরা-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াইটা হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও জামায়াতে ইসলামীর আব্দুল মতিনের মধ্যে। বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে মো. নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭২৫ ভোট, শম্পা বসু মই প্রতীকে ১ হাজার ১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৮০৬ ভোট, মো. খলিলুর রহমান ট্রাক প্রতীকে ২৮৬ ভোট পেয়েছেন।

জয়ের প্রতিক্রিয়া ও ভোটার সংখ্যা

জয়ের প্রতিক্রিয়ায় মনোয়ার হোসেন খান বলেন, "মাগুরা-১ আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তুলবো, ইনশাআল্লাহ।"

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন। এর মধ্যে শ্রীপুর ও পৌরসভাসহ সদর উপজেলার ৯ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ আসনে ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন।