গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (১৩ মে) দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এ হিসাব জমা দেন অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
প্রার্থীদের ব্যক্তিগত প্রচারণায় দলীয় অর্থ বরাদ্দ নেই
দাখিল করা হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মোট ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রার্থীদের ব্যক্তিগত প্রচারণার জন্য দলীয়ভাবে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণায় দলটির ব্যয় হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া জনসভা আয়োজনের পেছনে খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং স্টাফ ব্যয় বাবদ খরচ হয়েছে আরও ৬৫ হাজার টাকা।
সব লেনদেন ব্যাংক হিসাবের মাধ্যমে
আরও জানানো হয়, সব ধরনের নির্বাচনী লেনদেন প্রাইম ব্যাংক পিএলসির বনানী শাখার একটি নির্দিষ্ট হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ওই হিসাবে ৩৮ হাজার ৫০০ টাকা জমা রয়েছে।



