ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে রাজধানীতে একদিনে ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার
ডিএমপি মিডিয়া বিভাগ জানায়, নিয়মিত অপরাধবিরোধী অভিযানে শনিবার (৪ জুলাই) গ্রেফতার হওয়াদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জন রয়েছেন।
উদ্ধার করা মাদক ও অন্যান্য সামগ্রী
এ সময় ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয় বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা
অপরদিকে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৩৫টি, লালবাগে ৮৯টি, মতিঝিলে ৯২টি, ওয়ারীতে ২৩৪টি, তেজগাঁওয়ে ৭৫টি, মিরপুরে ১১৬টি, উত্তরা বিভাগে ১৫৮টি এবং গুলশান বিভাগে ৫৯টি মামলা করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ৪১৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৯৮টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



