ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পটভূমি ও হতাহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে তিনি সুদের এক লাখ টাকা পাবেন। তবে খাদিম ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খাদিম নিহত হন। পরে সোমবার বিকালে খাদিমের জানাজা শেষে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন।

তৃতীয় দিনের সংঘর্ষ ও ক্ষয়ক্ষতি

এরপর মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোক বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ