প্রতিমন্ত্রী ড. ফরিদ: মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার
প্রতিমন্ত্রী ড. ফরিদ: মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ছে সরকার

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান বিএনপি সরকারের প্রধান লক্ষ্য হলো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত দেশ গড়ে তোলা। পাশাপাশি সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কল্যাণ রাষ্ট্র গঠনে দেশপ্রেমের আহ্বান

প্রধানমন্ত্রীর ঘোষিত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে অপরাধীর পরিচয় বা দলমত নির্বিশেষে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে দেশপ্রেমের সঙ্গে কাজ করার জন্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। রোববার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ বাণিজ্য বন্ধের নির্দেশ

প্রতিমন্ত্রী সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে না পারায় কোস্টগার্ড সদস্যদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দরিদ্র জেলে, মৌয়ালসহ বনজীবীরা জীবিকার কারণে সুন্দরবনে যায়। এসব দরিদ্র মানুষদের অপহরণ করে বনদস্যুরা বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। ঢাকায় একজন মানুষ অপহরণ হলে তোলপাড় সৃষ্টি হয়, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়, কিন্তু সুন্দরবনে দিনের পর দিন দরিদ্র বনজীবীদের অপহরণের পরও তাদের উদ্ধারে তেমন তৎপরতা দেখা যায় না। মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পায়, এভাবে আর চলবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লোকালয়ে বসে বনদস্যুদের কারা খাবার সরবরাহ করছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অতীতের মতো সুন্দরবনে আর মুক্তিপণের দাবিতে অপহরণ বাণিজ্য চলতে দেবে না সরকার। মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে বনজীবীদের মুক্তিপণের টাকা লোকালয় থেকে উত্তোলন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী দ্রুত জেলে ও বনজীবীদের কাছ থেকে বনদস্যুদের সব মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের গ্রেফতার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় অন্যান্য বক্তারা

বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি আবু সাঈদ শুনুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।