নরসিংদীতে ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, উদ্বেগ বাড়ছে
নরসিংদীতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, উদ্বেগ বাড়ছে

নরসিংদীর বেলাব, রায়পুরা ও মাধবদী উপজেলার পৃথক স্থান থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই লাশগুলো উদ্ধার করা হয়। ঘটনাগুলো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বেলাবে ধানখেত থেকে যুবকের লাশ

বেলাব উপজেলার বেলাব-শিবপুর সড়কের পাশে একটি ধানখেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজও করতেন তিনি।

নিহতের পরিবারের অভিযোগ, আপন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। নিহতের বাবা মোস্তু মিয়া জানান, বুধবার রাত এশার নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি তার ছেলে। সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ পড়ে থাকার খবর পান তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রায়পুরায় রেললাইনের পাশে বৃদ্ধের লাশ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাধবদীতে ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবদী উপজেলার মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে মনোহরপুর বোর্ড স্কুলসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও স্বজনরা হত্যার অভিযোগ তুলেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।