নোয়াখালীর জেলা শহর থেকে ‘কিশোর গ্যাং’-এর সদস্য অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ছাত্রদলের দাবি
ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ আছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। এ অবস্থায় কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ১৮ জনকে আটক করেন। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নেতাদের উপস্থিতি
তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল ও নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতার বক্তব্য
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, ‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই উদ্যোগ নিয়েছি আমরা। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’
জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, ‘মূলত কিশোর গ্যাংয়ের আদলে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে। জেলায় একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। আমরা চাই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।’
পুলিশের প্রতিক্রিয়া
এ ব্যাপারে নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ছাত্রদলের হাতে আটক ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



