মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রবিবার (২৪ মে) ভোররাত প্রায় ৪টা থেকে শুরু হওয়া এ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। তবে এখন যানজট কমতে শুরু করেছে।
যানজটের বিস্তারিত
জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন।
ভোগান্তির শিকার চালকদের বক্তব্য
যানজটে আটকে পড়া ট্রাকচালক পারভেজ গাজী বলেন, ‘চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি; কিন্তু জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। চোখে ঘুম, কী করবো বুঝতে পারছি না। শুনেছি, দাউদকান্দিতে দুর্ঘটনার কারণেই এই যানজট।’
একই ভোগান্তির কথা জানিয়ে বাসচালক জুয়েল দেওয়ান বলেন, ‘বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারবো, বলতে পারছি না।’
যাত্রীদের ক্ষোভ
বাসযাত্রীরা আক্ষেপ করে বলেন, ‘এ মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।’
পুলিশের বক্তব্য
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’ দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



