‘রামিসা আমাদের সন্তান। আজ আমার সন্তান, কাল আপনার সন্তান। এভাবে আর কত রামিসা শেষ হবে! আমরা আর কোনও রামিসার এমন পৈশাচিক, নৃশংস মৃত্যু দেখতে চাই না।’ শুক্রবার সকালে রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে রাজবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার জনতা এসব কথা বলেন।
প্রতিবাদ কর্মসূচির আয়োজন
‘শিশুর ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী প্রথম আলোর পাঠকদের সংগঠন বন্ধুসভার গোয়ালন্দ ও রাজবাড়ী শাখা এ আয়োজন করে।
অংশগ্রহণকারীরা
এই প্রতিবাদ কর্মসূচিতে প্রথম আলো রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক, স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীর পাশাপাশি সচেতন নাগরিকরা এতে অংশ নেন। প্রখর রোদ আর গরম উপেক্ষা করে তারা কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
বক্তাদের বক্তব্য
গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শফিক মণ্ডলের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘রামিসার বাবা কতটা অসহায় হলে তিনি বলতে পারেন, “আমি বিচার চাই না, কারণ বিচার পাবো না”। রামিসার বাবার এমন কথায় আমরা সবাই মর্মাহত। আমরা আর কত এমন পৈশাচিক, নৃশংস মৃত্যু দেখবো। এমন নৃশংস ঘটনা মাদকসেবী ছাড়া কারও পক্ষে সম্ভব না। মাদকের ভয়াবহতা কোনও পর্যায়ে গেছে দেশের মানুষ বুঝতে পারছে। এভাবে কোনও দেশ চলতে পারে না। শক্ত হাতে মাদক দমন করতে না পারলে এমন ভয়াবহতা চলতে থাকবে। তারই ধারাবাহিকতায় এমন পৈশাচিক ঘটনা ঘটে যাচ্ছে।’
‘আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এমন নৃশংসতা এবং ভয়াবহতার বিরুদ্ধে কঠোর হতে। রামিসার হত্যাকারী গ্রেফতার হয়েছে। অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশবাসীকে দেখিয়ে দিক। ধর্ষকদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগ হলে এমন ভয়াবহতা অনেকটা কমে আসবে বলে আমরা মনে করি।’
উপস্থিত বক্তারা
এ সময় বক্তব্য দেন– গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুরাজিত চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, লেখক আব্দুল আউয়াল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ বাজার একুশ ইলেক্ট্রনিক্সের পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা জজ কোর্টের আইনজীবী মকিম মণ্ডল, ঢাকা শিশু সংসদের সাবেক সভাপতি আয়নাল শেখ, গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের সদস্য ও শিক্ষা নবিস আইনজীবী নাজমুল ইসলাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ফাহিম হাসান হিমেল, শিক্ষার্থীদের পক্ষে এলিজা মিম ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন।



