পুরান ঢাকার কোতয়ালী থানাধীন তাঁতিবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে অপু সাহা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকাল ৩টার দিকে ৫৭/২ তাঁতিবাজার এলাকায় মৃত নাজিম উদ্দিনের মালিকানাধীন ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, নিহত অপু সাহার পিতার নাম অমৃত সাহা। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি ওই ভবনের বাসিন্দা লতা রানী সরকার নামে এক নারীর বাসায় সাবলেট হিসেবে থাকতেন। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি আগের দিনই মারা গেছেন।
তদন্ত কার্যক্রম
কোতয়ালী থানার ওসি মো. ফয়সাল আহমেদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত জব্দ করে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



