বাজারে অসংখ্য ডায়েটারি সাপ্লিমেন্ট থাকলেও সবগুলোই সবার জন্য প্রয়োজনীয় নয়। ভারতের এইমস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ডে প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. সৌরভ সেঠি সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে ৬টি কার্যকরী সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছেন, যেগুলো সঠিক নিয়মে ব্যবহার করলে বৈজ্ঞানিকভাবে কার্যকারিতা প্রমাণিত।
ম্যাগনেসিয়াম: ঘাটতি পূরণ ও স্বাস্থ্য উপকারিতা
ড. সেঠির তালিকার শীর্ষে রয়েছে ম্যাগনেসিয়াম। তার মতে, বিশ্বব্যাপী প্রায় ২৪০ কোটি মানুষ পর্যাপ্ত ম্যাগনেসিয়াম পান না। এটি ভালো ঘুম, কোষ্ঠকাঠিন্য দূর করা, মাইগ্রেনের ব্যথা কমানো ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। তিনি উল্লেখ করেন, 'গ্লাইসিনেট' ও 'সাইট্রেট' ফর্ম ম্যাগনেসিয়াম অক্সাইডের চেয়ে দ্রুত শোষিত হয়।
ভিটামিন বি১২: নিরামিষভোজী ও ওষুধ ব্যবহারকারীদের জন্য জরুরি
ভিটামিন বি১২ বিশেষ করে নিরামিষভোজী, বয়স্ক ও যারা নিয়মিত ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের ওষুধ খান তাদের জন্য গুরুত্বপূর্ণ। ড. সেঠি জানান, মেটফরমিন দীর্ঘকাল ব্যবহারকারীদের প্রায় এক-তৃতীয়াংশের বি১২ মাত্রা কমে যায়। তাই নিয়মিত পরীক্ষা করা জরুরি।
ভিটামিন ডি: হাড় ও রোগ প্রতিরোধে সহায়ক
ভিটামিন ডি হাড়, পেশী ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে। ড. সেঠির মতে, বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন।
ওমেগা-৩: ট্রাইগ্লিসারাইড কমাতে কার্যকর
যদি খাদ্যতালিকায় তৈলাক্ত মাছ না থাকে, তবে ওমেগা-৩ সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। গবেষণা অনুযায়ী, এটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা ২২-৩০ শতাংশ কমাতে পারে বলে ড. সেঠি উল্লেখ করেন।
ক্রিয়েটিন মনোহাইড্রেট: পেশী শক্তি বাড়ায়
ক্রিয়েটিন নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। ড. সেঠির মতে, ৫০ বছরের কম বয়সি প্রাপ্তবয়স্করা রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের পাশাপাশি এটি গ্রহণ করলে নিচের অংশের পেশী ও শক্তি বেশি বাড়ে।
ইসবগুলের ভুষি: কোলেস্টেরল ও কোষ্ঠকাঠিন্যে কার্যকর
প্রতিদিন ১০ গ্রাম ইসবগুলের ভুষি খারাপ কোলেস্টেরল ৭ শতাংশ কমাতে পারে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেটের ভালো ব্যাকটেরিয়া সুরক্ষায় সাহায্য করে।
ড. সেঠির বার্তা স্পষ্ট: সাপ্লিমেন্ট শুধু সঠিক কারণে ও চিকিৎসকের পরামর্শে নেওয়া উচিত। দীর্ঘমেয়াদী সুস্থতার মূল ভিত্তি সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন।



