মিরসরাইয়ে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
মিরসরাইয়ে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে একমাত্র ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্ব টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু আহমদ (৬৫)। তিনি একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ

ঘটনার সময় স্বামী আবু আহমদকে বাঁচাতে গিয়ে স্ত্রী জরিনা বেগমও আহত হয়েছেন। তাঁর একটি হাতের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে পরিবার। ঘটনার পর রাতেই স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু আহমদ পেশায় কৃষক ছিলেন। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। তাঁর একমাত্র ছেলে ইব্রাহিম মিলন স্থানীয়ভাবে বাঁশ-কাঠ বিক্রি ও বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে তিনি মাদকাসক্তির কারণে বেপরোয়া জীবন যাপন করতেন। এ নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া লেগে থাকত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারিবারিক কলহের জের

স্বজনেরা জানান, এক সপ্তাহ ধরে ইব্রাহিম মিলন স্ত্রী ও শাশুড়িকে নিয়ে আলাদা থাকার চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে তিনি মা–বাবার সঙ্গে বিরোধে জড়ান। এর জেরে শুক্রবার রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে আবু আহমদের ওপর লাঠি নিয়ে হামলা করেন তিনি। চিৎকার শুনে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। লাঠির আঘাত ও লাথিতে ঘটনাস্থলেই আবু আহমদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির ছোট ভাই শাহ আলম বলেন, তাঁর ভাই সহজ-সরল মানুষ। ছেলের মাদকাসক্তি ও আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন। এর আগেও কয়েকবার ছেলের হাতে মারধরের শিকার হয়েছিলেন আবু আহমদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জেনেছি। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’