অমিত শাহের শ্যামাপ্রসাদ জন্মবার্ষিকী ও মমতার মোমবাতি মিছিল কলকাতায়
শ্যামাপ্রসাদ জন্মবার্ষিকীতে অমিত শাহ, মমতার মোমবাতি মিছিল

কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন। একই দিনে বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় মোমবাতি মিছিল করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির ভিত্তিপ্রস্তর ও পৈতৃক বাড়িতে শ্রদ্ধা

সোমবার কলকাতার নিউটাউনের ইকোপার্কের ঝিলপাড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ ফুট উঁচু একটি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। ভূমিপূজার মধ্য দিয়ে এই মূর্তির নির্মাণকাজের সূচনা হয়। এরপর তিনি কলকাতার ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে যান এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসায় সৌজন্য সাক্ষাৎ

সেখান থেকে অমিত শাহ বালিগঞ্জে পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে যান। সেখানে তিনি প্রায় ১৫ মিনিট অবস্থান করেন এবং কলকাতার সিনেমা নিয়ে এই অভিনেতার সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন্মজয়ন্তী উৎসবে অমিত শাহের ভাষণ

পরে কলকাতার সায়েন্স সিটির পাশে মিলনমেলা ময়দানে আয়োজিত শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উৎসবে যোগ দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'শ্যামাপ্রসাদের জন্মদিন থেকেই বাংলায় নতুন করে 'সোনার বাংলা' গড়ার সূচনা হলো।' শ্যামাপ্রসাদের স্বপ্ন ও প্রত্যয় নিয়ে তাঁর আদর্শে গড়া দল আজ ক্ষমতায় এসেছে।

অমিত শাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস—সবাই শ্যামাপ্রসাদের আত্মত্যাগের ইতিহাস ভুলিয়ে রেখেছে। কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত রাখতে জীবন উৎসর্গ করা সত্ত্বেও কংগ্রেস তাঁর মৃত্যুরহস্যের কোনো তদন্ত করেনি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের সাফল্য ও সিএএ বাস্তবায়ন

বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরে অমিত শাহ বলেন, 'সিএএ আইন প্রণয়ন করে ভারতে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছে সরকার।' তিনি আরও বলেন, 'সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফকে জমি দেওয়া হয়েছে। পাশাপাশি গুন্ডা দমন আইন পাস এবং কাশ্মীরকে ৩৭০ ধারামুক্ত করা হয়েছে।' ভারতের জাতীয় সংগীত 'বন্দে মাতরম'-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকী এবং শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীকে বাংলার জন্য অত্যন্ত গর্বের বলেও উল্লেখ করেন তিনি। উন্নয়ন ও ঐতিহ্যকে একসূত্রে গেঁথে শ্যামাপ্রসাদের আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অমিত শাহ।

বারুইপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মমতার মোমবাতি মিছিল

অমিত শাহের কর্মসূচির দিনেই কলকাতার রাজপথে নামেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় বারুইপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে হাতে মোমবাতি নিয়ে মিছিল করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন থেকে শুরু হয়ে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে 'জাস্টিস ফর বারুইপুর' (বারুইপুরের জন্য বিচার চাই) স্লোগান ওঠে। এর আগে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদেও চিকিৎসক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ একইভাবে 'জাস্টিস ফর আর জি কর' স্লোগানে আন্দোলন করেছিলেন।