জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছাত্রশক্তির নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
মৃতরা হলেন- সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি গ্রামের আফসার আলীর ছেলে ফারুক আহামেদ (৩৭) ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মজনু মিয়া (২৫)। এর মধ্যে মজনু মিয়া এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
প্রথম ঘটনা
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় ফারুক আহাম্মেদ ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা আফসার আলী আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
দ্বিতীয় ঘটনা
অপরদিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামে বৃষ্টির সময় বাড়ির পাশে ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মজনু মিয়া। পরে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় যুগান্তরকে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি জাতীয় ছাত্রশক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন বলে জানা গেছে।



