নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, জেলা নেতাদের সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশন সভাপতি নিখোঁজ

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান গত ১৯ জুন সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা শাখার নেতারা।

সংবাদ সম্মেলনে যা বলা হয়

সংবাদ সম্মেলনে জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, ‘গত ১৯ জুন সন্ধ্যার পর থেকে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও জুলাই আন্দোলনের সংগঠক সাইদুর রহমানের সঙ্গে পরিবার ও সংগঠনের নেতাকর্মীদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কারণে গুম হওয়ার শঙ্কা রয়েছে তার।’

তিনি আরও বলেন, ‘সাইদুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২১ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না আমরা। ফলে অতি দ্রুত সময়ের মধ্যে সাইদুর রহমানকে সুস্থ ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘২০২৪ সালে জুলাই আন্দোলনের সম্মুখসারিতে থেকে এই ছাত্র নেতা আন্দোলন করেছেন। ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে তিনি ‘গুম’ হতে পারেন বলে আমরা আশঙ্কা করছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতারা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার ও অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা ও দফতর সম্পাদক শেখ সাদী প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বে জিডি ও পুলিশের বক্তব্য

এর আগে, এ ঘটনায় গত ২১ জুন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। জানা গেছে, গত ১৯ জুন সন্ধ্যায় কালীরবাজার চারারগোপ এলাকা থেকে নিখোঁজ হন সাইদুর রহমান। এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, এই ছাত্র নেতা নিখোঁজ হওয়ার আগে বেশ কিছু সংগঠনের ছেলেদের নিয়ে একসঙ্গে আড্ডা দেন। আড্ডা শেষে সবাই চলে যায়। এরপর থেকে নিখোঁজ। আশপাশের সিসি ক্যামেরা যাচাই করে তার সন্ধান বের করার কাজ চলছে।’