নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, তিন সদস্য আহত
নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, তিন সদস্য আহত

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে র‌্যাব-১১-এর সদস্যদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে তারা। এ ঘটনার পর যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। এতে পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, বুইট্টা মাসুদ ও জাহিদ গ্রুপের লোকজন এ হামলা চালিয়েছে।

ঘটনার বিবরণ

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। আহত র‍্যাব সদস্যরা হলেন- ইব্রাহিম, মাহী ও নাজিবুল। তাদের মধ্যে নজিবুল গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। অপর দুজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পদ্ধতি

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে র‍্যাব-১১-এর পাঁচ থেকে ছয় জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় গিয়ে নানা তথ্য সংগ্রহ করেন। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ধারালো অস্ত্রসহ ধাওয়া দেয় ও তিন জন সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে মাদক ব্যবসায়ীরা। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

র‌্যাবের বিবৃতি

সন্ধ্যায় র‌্যাব-১১ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, শহরের মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে র‍্যাবের গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। হামলায় তিন জন র‍্যাব সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিসিটিভি ফুটেজ

এদিকে র‌্যাবের ওপর হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, র‌্যাবের সদস্যদের দেশীয় অস্ত্র হাতে একদল যুবক ধাওয়া দিচ্ছে। এ সময় সাদা পোশাকে থাকা র‌্যাবের এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে কোপ দিতে দেখা যায়। তবে হামলাকারীদের নাম জানা যায়নি।

পুলিশের বক্তব্য

হামলকারীদের পরিচয় জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত তদন্তে আমরা বুইট্টা মাসুদ গ্রুপের লোকজনদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হতে পেরেছে। এই বুইট্টা মাসুদ গ্রুপ হলো জাহিদ গ্রুপের সাব গ্রুপ। এ ছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্তে বেরিয়ে আসবে। যৌথ বাহিনীর অভিযান চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

র‌্যাব অধিনায়কের মন্তব্য

র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

স্থানীয়দের তথ্য

স্থানীয় বাসিন্দারা জানান, চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা র‌্যাবের ওপর হামলার সঙ্গে জড়িত। জাহিদ গ্রুপের আরেকটি সাব গ্রুপ হলো বুইট্টা মাসুদ গ্রুপ। এর আগেও গত বছরের নভেম্বরে মাসদাইর এলাকায় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছিল র‍্যাব সদস্যরা। সেই ঘটনার পর থেকে জাহিদ গ্রুপের জাহিদ আত্মগোপনে রয়েছে। বর্তমানে বুইট্টা মাসুদ গ্রুপ সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে। তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

পূর্বের ঘটনা

এর আগে গত ১৬ নভেম্বর মাসদাইর এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে অভিযানে যায় র‍্যাবের গোয়েন্দা দল। বিষয়টি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে জাহিদ ও তার সহযোগীরা। এতে পাশের বাড়ির এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে জাহিদ আত্মগোপনে আছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।