দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল সোমবার (১৮ মে) বিশেষ অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করে।
অভিযানের বিবরণ
সীমান্ত পিলার ৩৩১/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিরলের মানিকপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ভাঙা কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রত্নবস্তুটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন শেষে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।
মূর্তির মূল্যায়ন
বিজিবি জানায়, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য দুই লাখ দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অসীম ও অপরিমেয়। উদ্ধারকৃত মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির বক্তব্য
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।



