কুমিল্লায় কবর থেকে কিশোরের লাশের মাথা কাটার ঘটনায় চাঞ্চল্য
কুমিল্লার লালমাই উপজেলায় দাফনের পাঁচ মাস পর কবরস্থান থেকে এক কিশোরের লাশের মাথা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকালে বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের একটি কবরস্থানের পাশে তালগাছ থেকে তাল কাটতে গিয়ে স্থানীয় কয়েক যুবক এই ঘটনা দেখতে পান। বিষয়টি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা যায়, রোববার বিকালে ওই যুবকরা কবরস্থানের পাশের তালগাছ থেকে তাল কাটার সময় একটি কবরের ওপর মাথা ও কাফনের কাপড়বিহীন একটি গলিত লাশ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে পরিবার এসে লাশটি শনাক্ত করে। তারা জানান, এটি প্রায় পাঁচ মাস আগে বিষপানে আত্মহত্যা করা ১৩ বছর বয়সী মারুফের লাশ। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে লালমাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের উপস্থিতিতে মাথাবিহীন লাশটি পুনরায় কবরস্থ করা হয়।
পরিবারের বর্ণনা
পরিবার সূত্রে জানা যায়, নাওড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মারুফ প্রায় পাঁচ মাস আগে বিষপানে আত্মহত্যা করে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পাঁচ মাস পর গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কবর থেকে লাশ তুলে মাথা কেটে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, যাদু-টোনা বা তান্ত্রিক কাজে ব্যবহারের জন্য লাশের মাথা ও কাফনের কাপড় কেটে নেওয়া হয়েছে। তারা মনে করেন, যারা যাদুবিদ্যা বা তন্ত্র-মন্ত্রের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে, তারাই এ ধরনের কাজ করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।
পুলিশি পদক্ষেপ
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, পরিবারের সম্মতিতে লাশটি পুনরায় দাফন করা হয়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে। জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 'এ ঘটনায় তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।'



