যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২৭ জুন) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার অনৈতিক সুবিধা বা অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কী বলছে মার্কিন দূতাবাস
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।
ভ্রমণকালে নিজ খরচ বহনের নির্দেশ
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কিনা তা নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা মূলত ভিজিটর ভিসাধারীদের জন্য, যারা অস্থায়ী ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যান।
মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তা বিশেষ করে সেই সব বিদেশি দর্শনার্থীদের জন্য যারা সরকারি সহায়তার অপব্যবহার করতে পারেন। দূতাবাসের মতে, এই ধরনের অপব্যবহার ভিসা নীতির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।



