যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির ভেতর ও আশেপাশে ইরানের ১০ সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের পাল্টা হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। রবিবার (২৮ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে যদি এমনটি ঘটতে থাকে তাহলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভেনেজুয়েলায় ভূমিকম্প
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। রবিবার (২৮ জুন) এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন ঘাঁটিতে ‘নরক’ হুঁশিয়ারি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলো ‘নরক’ দেখবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে এক বিবৃতিতে এ কথা জানায় আইআরজিসির নৌবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভারত-আমিরাত ব্রাহ্মোস আলোচনা
ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা নিয়ন্ত্রণ নেটওয়ার্ক আকাশতীর কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। গত ২২ জুন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চুক্তিটি চূড়ান্ত হলে তা হবে নয়া দিল্লির এযাবৎকালের অন্যতম বৃহত্তম সামরিক রপ্তানি চুক্তি এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথম ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর, গত কয়েক মাস ধরে চলা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে আবুধাবি তাদের সামরিক প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়ন করতে শুরু করেছে। এই প্রেক্ষাপটেই ভারতের সঙ্গে এই আলোচনা গতি পেয়েছে।



