জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ কর্মপরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী (সরকারি কর্মচারী) নিয়োগ করা হবে। রোববার জাতীয় সংসদে নুরুল আমীনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান জানান, রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো নিয়ে কমিটি কাজ করছে। নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, মামলা করার সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে সারা দেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে সেটির সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয়। এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যও সরকারের কাছে নেই।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। আব্দুল ওয়ারেছের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, একজন শিক্ষক-কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে অবসর তহবিলে ১ হাজার ৩০০ কোটি টাকা জমা রয়েছে।
নিম্নআয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ
রুমিন ফারহানার প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকার বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন এবং ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।



