ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা থেকে 'মুক্ত' হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি ইরান ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যেতে ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
নেতানিয়াহুর বক্তব্য
পশ্চিম তীরের গুশ এতজিওনে রিজার্ভ কমব্যাট অফিসারদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, 'গত কয়েক বছর ধরে আমাদের আমেরিকান বন্ধুদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তা আমি গভীরভাবে মূল্যায়ন করি। কিন্তু আজ আমি বলছি: আমাদের নিজস্ব স্বাধীন অস্ত্র উৎপাদন ব্যবস্থা প্রয়োজন। আমাদের নিজেদের অস্ত্র আমাদেরই তৈরি করতে হবে।'
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা এখন ইরান ও তার সহযোগীদের মোকাবিলা করছি। আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। এটি এখনও শেষ হয়ে যায়নি, তবে এটি আমাদের শক্তির ওপর নির্ভর করছে। আগামী ৩০ বছরে আমরা কোথায় থাকব, তা আমাদের শক্তির ওপরই নির্ভর করছে। এই কারণেই আমরা এখন আরও বেশি শক্তি গড়ে তুলছি।'
স্বাধীন অস্ত্র উৎপাদনের গুরুত্ব
এ সময় ইসরায়েলের একটি 'স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা' থাকার বিষয়ে নিজের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন তিনি। নেতানিয়াহু বলেন, 'আমাদের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করা দরকার, আরও বেশি শক্তি তৈরি করা, আরও বেশি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা এবং আপনাদের মতো আরও বেশি প্রজন্মের কমান্ডারদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন কারণ শেষ পর্যন্ত এটিই আমাদের অবস্থান নির্ধারণ করবে।'



