নারায়ণগঞ্জে অত্যাধুনিক পেনগান উদ্ধার, র‌্যাবের অভিযান
নারায়ণগঞ্জে পেনগান উদ্ধার, র‌্যাবের অভিযান

রাজধানী ঢাকার পর এবার নারায়ণগঞ্জে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্র ‘পেনগান’। শনিবার দিবাগত রাতে ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গুলির খোসাসহ পয়েন্ট ‘টু টু’ বোরের এই অত্যাধুনিক ক্ষুদ্র অস্ত্রটি উদ্ধার করে র‌্যাব-১১’র অভিযানিক দল।

অভিযানের বিবরণ

র‌্যাব-১১’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় স্থানীয় একটি মাদকের স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে একটি পেনগান ও এর একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা

উদ্ধার করা পেনগান ও তার খালি খোসার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে র‍্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে একই ধরণের একটি ‘পেনগান’ উদ্ধার করে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ