লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টায় রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিবারের বেঁচে থাকা একমাত্র সন্তান জুনায়েদ ইসলাম শিফাত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
জানাজায় স্বজনদের আহাজারি ও বিচার দাবি
জানাজার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। শিফাত বলেন, 'আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। নিহত অন্তর মজুমদার ছাড়াও এ ঘটনায় অন্য কোনো ঘাতক জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেফতার করতে হবে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।'
জানা গেছে, জানাজার নামাজ শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার লাশ স্বজনরা কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে নিয়ে যান। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
তদন্ত কমিটি গঠন ও মামলা
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, 'চারজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।'
জানাজায় রায়পুর থানার ওসি শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, রায়পুর পৌর জামায়াতের আমির ফজলুল করিম, নায়েবে আমির কামাল উদ্দিন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ নিহতদের স্বজন ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনা
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে অন্তর মজুমদার (২৮) শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিলে তিনিও মারা যান।



