ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ এই তথ্য জানিয়েছে।
ভারতের প্রতিনিধিত্ব কে করবেন?
ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও জানা যায়নি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর ভারত সরকারের পক্ষে সমবেদনা জানাতে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছিলেন।
ভারত-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক
ভারত ইরানকে তার বিস্তৃত প্রতিবেশী অঞ্চলের অংশ হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পশ্চিম এশিয়ায় ৪০ দিনের সংঘাত চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
ব্রিকস বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর
নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন।



