শেখ হাসিনাকে ফেরত আনা প্রক্রিয়া চলমান: শামা ওবায়েদ
শেখ হাসিনাকে ফেরত আনা প্রক্রিয়া চলমান: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, যিনি বাংলাদেশে বহু অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। তো এখানে শেখ হাসিনা কী বলছে, না বলছে ওনার বক্তব্য তো এখানে প্রাসঙ্গিক না, একেবারে প্রাসঙ্গিক না।’

শেখ হাসিনার ফেরত আসার প্রসঙ্গ

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের মধ্যে দেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁকে ভারত থেকে ফেরত আনার প্রক্রিয়া চলমান বলে জানান প্রতিমন্ত্রী।

সফলতার ঘাটতি নয়, প্রক্রিয়া চলমান

বর্তমান সরকার ক্ষমতায় এসেছে প্রায় পাঁচ মাস হয়ে যাচ্ছে, এখনো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অগ্রগতি নেই, এখানে সফলতার ঘাটতি আছে কি না, সে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘দেখুন, এটাতে সময় লাগে। আমরা প্রক্রিয়াটা চলমান রেখেছি, প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, সরকার আসার পরে প্রক্রিয়াটি আবার সচল হয়েছে। সেখানে কূটনীতির কোনো ঘাটতি নেই, চলমান আছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা

শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা নিয়ে ওনারাও কাজ করছেন। প্রক্রিয়াটা চলমান আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি জটিলতা যাচাই করবে আইন মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘আইনি জটিলতা আছে কি নাই, সেটা আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানো দরকার, সে প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না।’

কূটনৈতিক প্রক্রিয়া ও বন্দী বিনিময় চুক্তি

ফেরানোর প্রক্রিয়া চলমান থাকার কথা তুলে ধরে আরেক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে, ইন্টেরিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে, সেই কূটনৈতিক চ্যানেলে সেটা চলমান আছে। ওই প্রপার চ্যানেলে (যথাযথ মাধ্যমে) যখন বন্দী বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, যেই প্রটোকল আছে, যে নর্মস (রীতিনীতি) আছে, সে অনুযায়ী ওনাকে এনে এখানে বিচার করা হবে।

জনগণের চাহিদা ও বিচার প্রক্রিয়া

শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা ‘বাংলাদেশের জনগণ চায়’ মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন-গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু, স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল প্রসঙ্গে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে রদবদল প্রসঙ্গে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবর্তন হবে, রদবদল হবে, নতুন লোক আসবে, সেটা তো চলমান প্রক্রিয়া। এটা তো কোনো নতুন কিছু না।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার থেকে একটা স্টেটমেন্ট (বিবৃতি) যাবে, সরকার থেকে প্রকাশ করা হবে, তখনই আপনারা জানতে পারবেন, কেন, কোথায়, কীভাবে, কোন কারণে রদবদল হচ্ছে। কাজেই, এটা চলমান প্রক্রিয়া।’

দেশের প্রতি আন্তরিকতা, ব্যক্তির দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে যেকোনো মন্ত্রণালয়ে নিয়োগ ও রদবদল করা হচ্ছে বলে দাবি করেন তিনি।