বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-১ রাষ্ট্রদূত পদমর্যাদায় তাকে এক বছরের চুক্তিতে এই দায়িত্ব দেওয়া হয়। বুধবার (৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ওয়াহিদুজ্জামানের শিক্ষা ও পেশাগত জীবন
অনলাইনে বিএনপির পক্ষে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত ওয়াহিদুজ্জামানের ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক। তবে দীর্ঘদিন পর তিনি এই চাকরি ফিরে পেয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশে স্নাতক ও স্নাতকোত্তর করা ওয়াহিদুজ্জামান এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা
শিক্ষা, ব্যাংকিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জলবায়ু বিশেষজ্ঞ এ কে এম ওয়াহিদুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ১৯৯১ সালে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের শুরুতে ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কাজ করলেও পরবর্তীকালে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় (২০০২-২০১৫) কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক প্রকল্পে অভিজ্ঞতা
ব্যাংকিং ও রিমোট সেন্সিং বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে ওয়াহিদুজ্জামানের। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক বহু আন্তর্জাতিক প্রকল্পে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধও রয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও কমিটির বৈঠকে অংশগ্রহণ এবং বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সরকার।



