চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’-এ এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
দ্বিপক্ষীয় বৈঠকের বিবরণ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।”
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দল
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন—পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
ভোজসভা ও অভ্যর্থনা
বৈঠকের পরে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে একটি ভোজসভা আয়োজন করেন লি কিয়াং। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব পিপলে পৌঁছান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।



