ভারতের আশ্বাস: আগামী সপ্তাহে সহজ হবে বাংলাদেশিদের চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা
ভারতের আশ্বাস: বাংলাদেশিদের ভিসা সহজ হবে

ভারতের আশ্বাস: আগামী সপ্তাহে সহজ হবে বাংলাদেশিদের চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা

ভারত সরকার আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে। আজ বুধবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রতিশ্রুতি দেন।

দ্বিপক্ষীয় বৈঠকে গভীর আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের দ্বিতীয় দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এস জয়শঙ্করের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। তাঁরা নিজেদের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি একান্তে কিছু সময় কথা বলেন। আলোচনায় জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের চিকিৎসা ভিসা চালু করা হচ্ছে। বৈঠকের পর জয়শঙ্কর এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈঠকের মূল বিষয়সমূহ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব গভীর করার প্রস্তাবগুলো পর্যালোচনা করেছে। এই লক্ষ্যে শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া আলোচনায় দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়েও মতবিনিময় করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিদের দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।

প্রত্যর্পণ ও অন্যান্য অনুরোধ

গণ–অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কাছে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দিল্লিতে আলোচনায় বসে তাঁকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলো।

আলোচনার পর এস জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডলারে লেখেন, ‘আজ অপরাহ্ণে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধিদলকে আপ্যায়ন করতে পেরে আনন্দিত বোধ করছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন দিক থেকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি।’

অর্থনৈতিক সহযোগিতার অনুরোধ

বিকেলে দিল্লিতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি ভারত থেকে বাংলাদেশে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। হরদীপ পুরী এ সময় তাঁকে জানান, ভারত সরকার বিষয়টি দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনা করবে।

আলোচনায় উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলোয় নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হন। দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রীরা নিজেদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসেন। তার আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রাজনৈতিক যোগাযোগ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ওই চিঠি গত মঙ্গলবার রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করেন।

আজ দুপুরে বিজয় চোথাউওয়ালে তাঁর এক্স হ্যান্ডলে এই তথ্য জানান। তিনি লিখেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ওই চিঠি লিখেছেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে। আমাদের আলোচনার সময় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিশির বাজুরিয়া।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াকে নিয়ে বিজয় চোথাউওয়ালে সাক্ষাৎ করেন হুমায়ুন কবিরের সঙ্গে।