তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও নিশ্চিত হতে পারেননি অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সেটি জানতে বিজয়কে লোক ভবনে ডাকা হয়।
গভর্নরের প্রশ্নের মুখে বিজয়
গভর্নর বিজয়কে সরাসরি প্রশ্ন করেছেন—‘১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবেন, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ জনের সমর্থন?’ এ সময় গভর্নর আরও জানতে চান, কোন কোন রাজনৈতিক দল টিভিকেকে সমর্থন দিতে রাজি এবং ভবিষ্যতে সমর্থন নিয়ে যেসব বক্তব্য এসেছে, সেগুলোর ভিত্তি কী।
জবাবে বিজয় জানিয়েছেন, তিনি বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। পাশাপাশি সরকার গঠনের সুযোগ না পেলে আইনি পথেও যেতে পারে টিভিকে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের তিন দিন পরও সরকার গঠন নিয়ে কাটেনি জটিলতা।
প্রথম নির্বাচনেই সাফল্য টিভিকের
প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় সাফল্য পেয়েছে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল টিভিকে। গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য দলটির এখনও ১০টি আসনের সমর্থন প্রয়োজন।
প্রথমে ধারণা করা হয়েছিল, কংগ্রেসের ৫ আসনের সমর্থন নিয়ে টিভিকে সরকার গঠনের দাবি জানাবে। তবে রাজ্যপাল আরভিয়ের সঙ্গে বৈঠকের পর সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে। সূত্রের দাবি, রাজ্যপাল বিজয়কে স্পষ্টভাবে জানিয়েছেন— ১১৮ জন বিধায়কের সমর্থনের লিখিত প্রমাণ ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না।
এ বিষয়ে ভিসিকে নেতা থিল থিরুমাভালাভান বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠ কি না, তা বিধানসভাতেই প্রমাণ করতে হয়। তাই টিভিকের দাবি রাজ্যপালের গ্রহণ করা উচিত।
রাজনীতিতে নাটকীয় মোড়ের সম্ভাবনা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠন নিয়ে আগামী কয়েক দিন তামিল নাড়ুর রাজনীতিতে আরও নাটকীয় মোড় আসতে পারে। বিজয় যদি আস্থা ভোটে জিততে পারেন, তবে সরকার গঠন সম্ভব হবে। অন্যথায় আইনি লড়াইয়ে নামতে পারে টিভিকে।



