ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্পোর্টস ও কালচার উইং চালু
ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: স্পোর্টস ও কালচার উইং চালু

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ক্রীড়া কূটনীতিকে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে। তাঁর দাবি, বিএনপি সরকারের এই উদ্যোগ ক্রীড়া জগতে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। শনিবার বিকালে সারা দেশের মতো ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ও ফরিদপুরে সম্প্রচার

এর আগে সিলেট স্টেডিয়াম থেকে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরিদপুর স্টেডিয়ামে সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে ফরিদপুরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন শামা ওবায়েদ।

মাদকমুক্ত প্রজন্ম গঠনে ক্রীড়ার ভূমিকা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলে ছেলে-মেয়েদের আলোর পথ দেখাবে বলে মনে করেন শামা ওবায়েদ। কোমলমতি শিশুদের মাদক থেকে দূরে রাখতে এবং তাদের বিপথগামী হওয়া রোধে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নতুন কুঁড়ি শুরু করেছিলেন। এই নতুন কুঁড়ি স্পোর্টস মাদক থেকে দূরে সঠিক পথে থেকে পড়াশোনা করে একজন প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ করে দেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রীড়া কূটনীতির নতুন অধ্যায়

ভালো খেলোয়াড় তৈরি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতির বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পোর্টস ডিপ্লোমেসির কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্পোর্টস এবং কালচার উইং চালু করা হয়েছে। এই উইং শুধু ক্রীড়া কূটনীতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই চালু করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়া কূটনীতিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এর ফলে দেশের সন্তানেরা বিদেশে গিয়ে খেলবে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করবে।

ফরিদপুরের প্রতি বিশেষ আহ্বান

শিশু-কিশোরদের উৎসাহ জানিয়ে শামা ওবায়েদ বলেন, দেশের সব বিভাগের মধ্যে ফরিদপুর জেলাকে ভালো অবস্থানে রাখতে হবে। ফরিদপুরের ছেলে-মেয়েরা প্রতিযোগিতায় প্রথম হতে পারলে তাঁর পক্ষ থেকেও বিশেষ পুরস্কার থাকবে।

এ সময় ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলীসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।