রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় সালিশি বৈঠকে বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা
আটক ব্যক্তিরা হলেন– শোয়েব, আরমান ও নয়ন। নিহত আবুল বাসার বাদশা আদাবর থানা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশের অভিযান
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
ঘটনার বিবরণ
ব্রাজিলের খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে বিএনপির আদাবর থানা ইউনিটের সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইউনিট সভাপতি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



