আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের ঐতিহাসিক প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য
বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের সভাপতি সাইফুল আলম সবুজের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন ফোরামের মুখপাত্র আল ফারাবি চৌধুরী, কো-অর্ডিনেটর ডালিয়া নিশাত, এক্সিকিউটিভ মেম্বার অলিয়া মাহজাবিন, কাজি মামুন, সেলিম হুসাইন, সহ-সভাপতি নুর জাহান শরিফা পূর্ণতা, মো. সাহেদুল ইসলাম, মিজানুর রহমান, এফবিজেএর সদস্য সাংবাদিক হাসান ইলিয়াছ তানিম ও সাংবাদিক রোকনুজ্জামান প্রমুখ।
উপস্থিতি ও সংহতি
এছাড়া সমাবেশে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
একই সঙ্গে তারা জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। সমাবেশ থেকে বক্তারা আরও জানান, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবেন এবং প্রয়োজন হলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।



