পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। সোমবার (২৭ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে অভিনন্দন ও আশাবাদ
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী উন্নয়ন সহযোগিতা এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অব্যাহত সমর্থনের কথা স্বীকার করেন।
বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, নারীর ক্ষমতায়ন এবং মানুষে মানুষে যোগাযোগসহ অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই আগামী ১ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য ষষ্ঠ বাংলাদেশ-সুইজারল্যান্ড পররাষ্ট্র দফতরের কনসালটেশনের দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিধিকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন।



