হিলটন হোটেলে হামলা চেষ্টাকে অর্জন হিসেবে দেখছেন ট্রাম্প
হিলটন হোটেলে হামলা চেষ্টাকে অর্জন বলছেন ট্রাম্প

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে হামলার চেষ্টাকে নিজের প্রশাসনের অর্জনের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি তার প্রেসিডেন্সির ক্ষমতার প্রতিফলন হিসেবে চিত্রিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার রাতের ওই ঘটনার পর শুরুতে ট্রাম্প আমেরিকানদের শান্তিপূর্ণভাবে মতভেদ নিরসনের আহ্বান জানান। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের গুণগানে ফিরে যান। ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেন এবং আব্রাহাম লিংকনের সঙ্গে নিজের তুলনা করেন।

তিনি বলেন, আমরা এ দেশকে বদলে দিয়েছি, আর অনেকেই এতে খুশি নয়। তিনি দাবি করেন, আমদানির ওপর চড়া কর আরোপ এবং সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ না করলে তিনি আজ লক্ষ্যবস্তু হতেন না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলারের একটি নতুন বলরুম নির্মাণের প্রয়োজন রয়েছে, যেখানে নিরাপত্তা বাঙ্কার, 'ড্রোন-প্রুফ' ছাদ এবং বুলেটপ্রুফ কাচ থাকবে। রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, এই বলরুমটি নির্মিত থাকলে এমন ঘটনা ঘটতো না এবং এর নির্মাণে কোনও বাধা দেওয়া উচিত নয়।

এদিকে তিনি আশা প্রকাশ করেন, এই হামলার পর ডেমোক্র্যাটরা তার অভিবাসন নীতিতে অতিরিক্ত নজরদারি থেকে সরে আসবে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে নতুন অর্থায়ন অনুমোদন দেবে। একইসঙ্গে তিনি এই হামলাকে ভেনেজুয়েলা ও ইরানে নেতৃত্ব লক্ষ্য করে পরিচালিত অভিযানের সঙ্গে যুক্ত করে তার প্রশাসনের সাফল্যের প্রমাণ হিসেবে তুলে ধরেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শনিবারের ওই নৈশভোজে ট্রাম্প সাংবাদিকদের কঠোর সমালোচনা করার প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান। তিনি প্রায়ই সংবাদমাধ্যমকে 'ভুয়া খবর' ও 'জনগণের শত্রু' বলে আখ্যা দেন। তবে ওই পরিকল্পনা ভেস্তে যায়, যখন ক্যালিফোর্নিয়া থেকে আসা এক ব্যক্তি অস্ত্রসহ নিরাপত্তা ভেঙে বলরুমের দিকে যাওয়ার চেষ্টা করে। তার কাছে শটগান, হ্যান্ডগান ও ছুরি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের পর তাকে আটক করা হয়। জানা গেছে, তিনি একটি 'ম্যানিফেস্টো' বিতরণ করেছিলেন, যেখানে ট্রাম্প ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলার ইচ্ছা প্রকাশ করা হয়।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে রাইফেলধারীর গুলিতে ট্রাম্প আহত হন। পরে সেপ্টেম্বরে ফ্লোরিডায় তার একটি গলফ কোর্সের বাইরে আরেকটি হামলার চেষ্টাও ব্যর্থ করা হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে রাজনৈতিক সুবিধায় রূপ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দক্ষ আর কেউ নন।