ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সেখানে পৌঁছান বরে জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।
আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলে হামলায় নিহত শিশুদের স্মরণে এ নাম রাখা হয়েছে।
ইরানের কূটনৈতিক পরিকল্পনা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে। তারপর তিনি গেছেন মাস্কাটে। এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন। এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন।
এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে। পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে।
হরমুজ প্রণালী ও যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ
হরমুজ প্রণালীর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই প্রণালীতে অবরোধ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইরান তা মানছে না। আরাগচি নিজেই বলেছেন, ‘আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। নিরাপদভাবে এটি চালানোর উপায় বের করতে আলোচনা দরকার।’
রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক
রাশিয়া অনেক দিন ধরে ইরানের কৌশলগত মিত্র। ইরান এখন রাশিয়ার রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে। আরাগচির এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।



