যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যায় বাংলাদেশের দাবি: যথাযথ তদন্ত ও বিচার
যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

প্রতিমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটি ছেলে বা একটি মেয়ে ফ্লোরিডায় নৃশংসভাবে নিহত হয়েছেন। ছেলেটির মৃতদেহ পাওয়া গেছে, আরেকজনের মৃতদেহ এখনও পাওয়া যায়নি। আমরা শুনেছি— আমাদের মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ দূতাবাস, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই থেকে শুরু করে সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আমি ব্যক্তিগতভাবে দুজনের অভিভাবকের সঙ্গে কথা বলেছি। হত্যার শিকার মেয়েটির ভাইয়ের সঙ্গে এবং লিমনের বাবার সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।’

মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া

প্রতিমন্ত্রী আরও জানান, ‘মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে আইনি কাজগুলো আছে, তা শেষ হলে আমরা দেখছি— যত তাড়াতাড়ি সম্ভব লাশ ফিরিয়ে আনা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। কিন্তু এতে আইনি ব্যাপার আছে, সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সব স্টেকহোল্ডারদের সঙ্গে গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করবো, বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে— যাতে যুক্তরাষ্ট্র এই তদন্তটা ভালোমতো করে, দ্রুততার সঙ্গে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে— সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়।’

এ সময় তিনি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে আসবে বলেও আশা প্রকাশ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার প্রেক্ষাপট

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এ ঘটনার ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।