মাদুরোর মামলায় নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
মাদুরোর মামলায় নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলায় আইনি খরচ বহনের সুযোগ দিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে দায়ের হওয়া ফেডারেল মামলায় মাদুরোর প্রতিরক্ষার ব্যয় বহন করতে পারবে ভেনেজুয়েলা সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক ম্যানহাটানের মার্কিন জেলা আদালতে বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে মামলা খারিজের আবেদন করেন। তিনি যুক্তি দেন, নিষেধাজ্ঞার কারণে সরকারকে আইনি খরচ বহনে বাধা দেওয়া হলে মাদুরোর নিজের পছন্দের আইনজীবী পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়।

মামলা খারিজের আবেদন অপ্রাসঙ্গিক

পরে মার্কিন বিচার বিভাগ আদালতে জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে রাজি হয়েছে, যাতে ভেনেজুয়েলা সরকার প্রতিরক্ষা আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারে। এই পরিবর্তনের পর মামলাটি খারিজের আবেদনকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করে তারা। তবে নিউইয়র্কে মাদুরোর বিচারপ্রক্রিয়া নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। সমালোচকদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে ধরে আনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অনেক আইন বিশেষজ্ঞও এই ঘটনাকে আন্তর্জাতিক আইন অবমাননা হিসেবে দেখছেন।

ট্রাম্প প্রশাসনের বক্তব্য

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বরাবরই বলছে, এটি ছিল একটি বৈধ আইন প্রয়োগকারী অভিযান। তাদের মতে, বিতর্কিত নির্বাচনের কারণে মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইনে ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানদের সাধারণত বিদেশি আদালতের বিচার থেকে অব্যাহতি দেওয়ার বিধান থাকলেও, এই ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলেই দাবি তাদের। বর্তমানে মাদুরো ও ফ্লোরেস নিউইয়র্কের ব্রুকলিনে আটক রয়েছেন এবং নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মাদুরোর দাবি, এসব অভিযোগ ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অজুহাত মাত্র।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তেলসম্পদ নিয়ে বিতর্ক

এদিকে ট্রাম্প বারবার বলেছেন, তিনি চান বিদেশি কোম্পানিগুলো দেশটির তেলসম্পদে প্রবেশাধিকার পাক। গত ২৬ মার্চের শুনানিতে বিচারক হেলারস্টেইন মামলাটি খারিজের কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি প্রশ্ন তোলেন, সরকারকে আইনি খরচ বহনে বাধা দেওয়া সাংবিধানিক অধিকার লঙ্ঘন কি না। প্রসিকিউটররা তখন যুক্তি দেন, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাহী বিভাগের। বিচারক হেলারস্টেইন বলেন, যুক্তরাষ্ট্রে নাগরিক হোক বা না হোক, প্রত্যেক আসামিরই আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে-এটি একটি মৌলিক সাংবিধানিক অধিকার।