যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একসময়ের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসন সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে তিনি প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করে বলেছেন, 'মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দুঃখিত।'
কার্লসনের অনুশোচনা
২০২৪ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরতে জোর প্রচার চালাচ্ছিলেন। ওই সময় ট্রাম্পের পাশে প্রায়ই দেখা যেত কার্লসনকে, যিনি জোর সমর্থন ও পরামর্শ দিতেন। কিন্তু এখন সেই সমর্থনের জন্য তিনি গভীর অনুশোচনায় ভুগছেন। ফক্স নিউজের সাবেক এই ভাষ্যকার ও ইনফ্লুয়েন্সার বলেন, 'ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরানোর বিষয়ে সহায়তা করার জন্য আমি দীর্ঘদিন ধরে যন্ত্রণায় ভুগব।'
গত সোমবার প্রকাশিত নিজের পডকাস্টের একটি পর্বে কার্লসন বলেন, 'ইরানে এখন যা ঘটছে, তার পেছনে আমি নিজেও দায়ী। আমি এর অংশ। শুধু এটা বলা যথেষ্ট নয় যে আমি আমার মত বদলেছি বা এটা খারাপ, আমি আর এসবে নেই।' পডকাস্টে নিজের ভাই বাকলের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি, যিনি একসময় ট্রাম্পের বক্তব্য লেখকের দায়িত্ব পালন করেছেন। কার্লসন আরও বলেন, 'এটা এমন একটা সময়, যখন আমাদের নিজেদের বিবেকের সঙ্গে লড়াই করতে হচ্ছে। আমরা দীর্ঘ সময় ধরে এ নিয়ে কষ্ট পাব। আমি পাব। তাই আমি বলতে চাই, মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দুঃখিত।'
মতবিরোধের সূত্রপাত
কার্লসন দীর্ঘদিন ধরে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজে উপস্থাপনা করেছেন এবং বিদেশে মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী। তাই ইরানে মার্কিন হামলা মেনে নিতে পারেননি তিনি। এ নিয়ে ট্রাম্প ও তাঁর মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে তাঁর বিবাদ চলছে। ইস্টারে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে তিনি দেশটিকে নরকে পরিণত করবেন।
ট্রাম্পের ওই পোস্ট কার্লসনকে ক্ষুব্ধ করে তোলে। তিনি ট্রাম্পের এমন আচরণকে 'অশুভ' বলে আখ্যায়িত করেন এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
ট্রাম্পের প্রতিক্রিয়া
কার্লসনের এমন বক্তব্যে ক্ষুব্ধ হন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে কার্লসনসহ রক্ষণশীল সমালোচকদের 'বোকা' বলে গালমন্দ করেন। ট্রাম্প আরও বলেন, কার্লসনের একজন ভালো মনোরোগবিশেষজ্ঞকে দেখানো দরকার এবং ২০২৩ সালে ফক্স নিউজ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে তিনি আর 'আগের মতো নেই'।
গত শুক্রবার ট্রাম্প কার্লসনকে কটাক্ষ করে এক পোস্টে লেখেন, 'কার্লসন একজন স্বল্প বুদ্ধির মানুষ। তাঁকে হারিয়ে দেওয়া সহজ। তাঁকে অতিমূল্যায়ন করা হয়েছে।' কার্লসনের অনুশোচনামূলক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের দিকে ইঙ্গিত করা হয়েছে।
অন্যান্য প্রতিক্রিয়া
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ডানপন্থী অধিকারকর্মী লরা লুমার গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার কার্লসনের সমালোচনা করে লেখেন, 'কার্লসন দেশকে ডেমোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন।' উল্লেখ্য, ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০ জন কথিত 'ইহুদিবিদ্বেষী' ও 'জায়নবাদবিরোধী' ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল সরকার, যেখানে কার্লসনের নামও রয়েছে।



