প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতায় বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি গঠন
প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতায় বাংলাদেশ-তুরস্ক কমিটি

বাংলাদেশ ও তুরস্ক শনিবার প্রতিরক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনে ঐকমত্য হয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষ কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠক আয়োজনে সম্মত হয়।

প্রধানমন্ত্রীর ধন্যবাদ

প্রধানমন্ত্রী তুরস্ককে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান, বিশেষ করে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাণিজ্য ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা

বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। সভায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর

হাকান ফিদান বৃহস্পতিবার রাতে সিউল থেকে ঢাকায় আসেন তিন দিনের সরকারি সফরে। শুক্রবার তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে তিনি কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকা ত্যাগ করবেন বলে নির্ধারিত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ