বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুকুরে গোসল করানোর নাম করে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি ওই ব্যক্তিকে ‘চাচা’ বলে ডাকত। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার অভিযুক্ত
গ্রেফতার হওয়া মোজাহিদ শেখ (৪০) একই গ্রামের মৃত গাউস শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে অভিযুক্তকে ফকিরহাট মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়।
ঘটনার বিবরণ
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। প্রতিবেশী হওয়ার সুবাদে অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে বিভিন্ন খাবার কিনে দিতেন এবং স্নেহ করতেন। শিশুটিও তাকে ‘চাচা’ বলে ডাকত। গত ৩ জুন দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে যান। পরে বাড়ি ফিরে শিশুটি যৌনাঙ্গে ও পায়ুপথে শারীরিক যন্ত্রণা অনুভব করে। শিশুটি তার মায়ের কাছে অসুস্থতার কথা জানালে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।
পরিবারের অবস্থা
পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের বাবা একজন দরিদ্র দিনমজুর। তিনি কাজের সন্ধানে বাইরে থাকায় ও মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুবাদে অভিযুক্ত মোজাহিদ শেখ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেতেন। এর আগে শিশুটির কিছু কথাবার্তায় অভিযুক্তের বিষয়ে সন্দেহের সৃষ্টি হলেও বিষয়টি গুরুত্ব পায়নি। সর্বশেষ শিশুটির অসুস্থতার পর পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়ে বুঝতে পারেন। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
পুলিশের বক্তব্য
ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



