পশ্চিমবঙ্গের নতুন সরকারের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের ঘোষণাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার (২০ মে) সিএএর বাইরে থাকা ব্যক্তিদের ‘অবৈধ বাংলাদেশি’ ধরে বিএসএফের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সিএএ বা আসামের এনআরসি তাদের নিজস্ব আইন। আমাদের কোনো বক্তব্য নেই।’ তবে তিনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
পলাতক আওয়ামী লীগ নেতা প্রসঙ্গে
পলাতক আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না।’



