কুয়েতে ইরানি সেনা অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন: তেহরান
কুয়েতে ইরানি সেনা অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন

কুয়েতি ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের অনুপ্রবেশের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। একইসঙ্গে বিষয়টিকে কেন্দ্র করে কুয়েতের অবস্থানকেও কড়া ভাষায় সমালোচনা করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ খবর জানিয়েছে।

ইরানের প্রতিক্রিয়া

ইরনার বরাতে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চার ইরানি সেনার বিরুদ্ধে কুয়েত সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত ‘অনভিপ্রেত’। এতে বলা হয়, ওই চার সেনা সদস্য নিয়মিত সামুদ্রিক টহল মিশনে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক গোলযোগের কারণে অনিচ্ছাকৃতভাবে তারা কুয়েতের জলসীমায় প্রবেশ করেছিলেন।

কূটনৈতিক সমালোচনা

আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের শ্রদ্ধাশীল থাকার নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, কুয়েতি কর্তৃপক্ষের কাছ থেকে তেহরান আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। কুয়েত যেন দ্রুত কোনও মন্তব্য বা ভিত্তিহীন দাবি না করে বরং বিদ্যমান সমস্যাগুলো আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সমাধানের চেষ্টা করে তেমনটাই আহ্বান জানিয়েছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আটকদের মুক্তির দাবি

ইরনা আরও জানায়, আন্তর্জাতিক আইনি নিয়ম অনুযায়ী কুয়েতে আটক ইরানি নাগরিকদের কাছে দ্রুততম সময়ের মধ্যে দূতাবাসের কর্মকর্তাদের যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ইরান। একইসঙ্গে তাদের অবিলম্বে মুক্তির ওপরও জোর দিয়েছে দেশটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ