ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত
ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত

ফেনীর ফুলগাজী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার রাতে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদসংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত ব্যক্তিরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউছার (৩২), ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগরের কাজীবাড়ির ইতালিপ্রবাসী কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার (২০) ও তাঁর মা ফুলগাজী উপজেলার সোহেল মজুমদারের স্ত্রী জাকিয়া আক্তার (৪০)।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ফুলগাজীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে মুমূর্ষু অবস্থায় ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ফুলগাজী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের বক্তব্য

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনার পর পাঁচজনকে হাসপাতালে আনা হলে মোহাম্মদ কাউছার ও ওয়াহিদা আক্তার নামের দুজনকে মৃত ঘোষণা করা হয়। তাঁরা দুজন হাসপাতালে আনার পথেই মারা যান। অপর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জাকিয়া আক্তার নামের আরও একজনের মৃত্যু হয়।

পরিবারের শোক

নিহত জাকিয়া আক্তারের ভগ্নিপতি মিজানুর রহমান বলেন, অসুস্থ ননদকে দেখার জন্য সকালে মেয়েকে নিয়ে পাশের দৌলতপুর গ্রামে গিয়েছিলেন জাকিয়া আক্তার। সন্ধ্যায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে দুজনই নিহত হয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটিতে মাতম চলছে।

পুলিশের ব্যবস্থা

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।