যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক
যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের ৭০ শতাংশ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে যে পথে গেছেন শেখ হাসিনা, সেই পথেই যাবেন তারেক রহমানও। শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ব্যর্থতা ও রক্তের সাগর

মামুনুল হক বলেন, ১৫ বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে দেশের যুবকরা প্রাণ দিয়েছে। মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরে, আল্লামা সাঈদীকে ঘিরে আন্দোলনে এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে। সেই রক্তের সাগর পেরিয়েই ৫ আগস্ট বাংলার মানুষ নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি

প্রধান অতিথি আরও বলেন, ৭০ ভাগ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে গণভোটে। এই রায় শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বর্তমান সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে নামব, মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরব। বাংলার মানুষের অধিকার আদায়ে যে কোনো কঠিন পথ অবলম্বনে কুণ্ঠিত হব না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুলাই সনদ ও বিএনপির সমঝোতা

জুলাই সনদ প্রসঙ্গে মামুনুল হক অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতা করে তা নষ্ট করেছে।

জামায়াতের বক্তব্য

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়েছে। তা না হলে আমরা ১৮০টি সিট নিয়ে সংসদে যেতাম। দেশের রাজনীতিকে স্থিতিশীল করে এবং রাজনৈতিক সংঘাত-দুর্নীতি-বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়তে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি। আজ গণভোটের রায় কার্যকর না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, গণভোটে মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন। রক্তাক্ত জুলাই সনদে ওয়াদা দিয়েছিলেন বলেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, জামায়াত, ১১ দলকেও ভোট দিয়েছে। আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এজন্য জনগণ আপনাদের ভোট দেয়নি।

এনসিপির মুখপাত্রের সমালোচনা

বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পরিচালনায় বিএনপি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণহত্যার ব্যাপারে তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই। তেল বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়েছে। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়া গিয়ে দেশের জন্য কী নিয়ে এসেছেন, দেশের মানুষকে তা জানাতে পারছেন না।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলের স্থানীয় ও অন্য নেতারা।