এসডিজি ও আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা প্রয়োজন: ডেপুটি স্পিকার
এসডিজি ও আইসিপিডি বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা প্রয়োজন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের (আইসিপিডি) অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের সদস্যদের আরও কার্যকর ও জনসম্পৃক্ত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত ‘Parliament’s Role in Realising SDGs and ICPD Commitments’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শোক প্রকাশ ও কর্মশালার গুরুত্ব

বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কর্মশালায় তিনি শুধু ডেপুটি স্পিকার হিসেবে নয়, একজন সংসদ সদস্য হিসেবেও অংশ নিয়েছেন। তিনি বলেন, এ ধরনের কর্মশালাকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দিতে হবে এবং তা নিজ নিজ নির্বাচনি এলাকায় কাজে লাগিয়ে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ নিরোধ

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ডেপুটি স্পিকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন করা যেতে পারে। পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পরিকল্পনা

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় ও হাওরাঞ্চলে স্বাস্থ্যসেবা, পরিবেশ ও জীবিকার ওপর যে প্রভাব পড়ছে, তা মোকাবিলায় স্থানীয় বাস্তবতাভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, নদী ও হাওরে পলি জমাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, স্কুলভিত্তিক গণসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ত করা সম্ভব। এতে সংসদ সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ উদ্যোগগুলোকে আরও কার্যকর করবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা

তিনি আশা প্রকাশ করেন, কর্মশালার সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকা আরও শক্তিশালী হবে এবং এর সুফল জনগণ ভোগ করবে। কর্মশালায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি, চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বিশেষ অতিথি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে হুইপ, সংসদ সদস্য, ইউএনএফপিএর প্রতিনিধিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।