ফ্যামিলি কার্ড এখন বাস্তবতা, সবাই আসবে আওতায়: মন্ত্রী জাহিদ হোসেন
মহিলা, শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব। তিনি বলেন, এ কার্ড পেয়ে হতদরিদ্র ও দরিদ্র মানুষ আনন্দিত। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভবিষ্যতে সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন
মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন এবং এ জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না। সুবিধাভোগীরা সরাসরি সহায়তা পাবেন। তিনি আরও উল্লেখ করেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মতো যারা ধর্ম নিয়ে কাজ করে এবং নৈতিক শিক্ষা দেয়, তাদের প্রতিও নির্বাচন অঙ্গিকার ধীরে ধীরে বাস্তবায়িত হতে যাচ্ছে।
খাল খনন ও রাজনৈতিক প্রসঙ্গ
খাল খনন প্রসঙ্গে মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের ১৬ তারিখে ৫৪টি জেলায় খাল খননের উদ্বোধন হয়েছে। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান এ কাজ শুরু করেছিলেন। কারণ সেচ ভালো হলে উৎপাদিত ফলন ভালো হবে, মৎস্য চাষ ও হাঁস চাষ করা যাবে, এবং সব কিছু ভারসাম্য রক্ষা করে পরিবেশ রক্ষা হবে। রাজনৈতিক প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিতি ও ঈদ সামগ্রী বিতরণ
এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষে প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।



